আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ২৪ বছর বয়সী ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বেথুয়াডহরি থেকে ছেলেকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। পথে নাগাদি রেলগেট এলাকায় একদল দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
অভিযোগ রয়েছে, গুলি চালানোর পর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ কিংবা জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত আনিসুর রহমানের বয়স ৫০ বছর। তিনি বেঙ্গল কংগ্রেস কমিটির সদস্য এবং নদীয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। নাকাশিপাড়া এলাকায় দলের জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত আনিসুর রহমান দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।
স্বাধীনতা দিবসের সময়ে এমন হত্যাকাণ্ড মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান সাবেক এই লোকসভা সদস্য।
হত্যাকাণ্ডের পর নদীয়ার সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।