,

৬ মাসে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা সন্তোষজনক, সেটি জনগণই সবচেয়ে ভালো মূল্যায়ন করতে পারবেন। তবে সরকারের দৃষ্টিতে গত ১৮০ দিনে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু উদ্যোগও ইতিবাচক সাড়া পেয়েছে। এসব কর্মসূচি ও পদক্ষেপ জনগণের কাছেও প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পরিকল্পনার ভিত্তিতে জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ে সরকার একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংকটের মুখোমুখি হলেও সেগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।