,

শাহজালাল মাজারে উত্তেজিত সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন এলাকায় এক ব্যক্তির সঙ্গে উত্তেজিত অবস্থায় দেখা গেছে অভিনেতা সমু চৌধুরীকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শনিবার সকালে মাজার এলাকায় ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, সমু চৌধুরী এক ব্যক্তির সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন। একপর্যায়ে পরিস্থিতি আক্রমণাত্মক রূপ নিলে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এসে অভিনেতাকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার বিষয়ে জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তবে কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাজার এলাকায় দর্শনার্থীদের ভিড় ছিল। এর মধ্যেই অভিনেতাকে ঘিরে হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর আচরণ নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন, আবার কেউ অভিনেতার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে গত বছরের ১২ জুনও ভিন্ন এক ঘটনায় আলোচনায় এসেছিলেন সমু চৌধুরী। সে সময় ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার একটি ভিডিওও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।