,

রিধির মৃত্যু: প্ররোচনা মামলায় বন্ধু গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বন্ধু হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রিধির মা বাদী হয়ে হাসিবুর রহমানকে একমাত্র আসামি করে মামলা করেছেন। মামলায় তাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ওসি জানান, রিধির মৃত্যুর খবর পাওয়ার পর হাসিবুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার আগে রিধিকার সঙ্গে হাসিবুরের কথাকাটাকাটি হয়েছিল। ঘটনার সময় তারা ভিডিও কলে যুক্ত ছিলেন বলেও পুলিশ জানিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি নিশ্চিত হতে তদন্ত চলছে।

রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি।