হাঙ্গেরিতে বাস খাদে, নিহত ১২
অনলাইন ডেস্ক : হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির পুলিশ ও জরুরি সেবা সংস্থা।
রোববার মেজোকেরেস্তেশ শহরের কাছে এম-৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে।
পুলিশ জানায়, সার্বিয়া থেকে পোল্যান্ডের দিকে যাচ্ছিল বাসটি। এতে ৫৭ জন যাত্রী ও দুই চালক ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে উল্টে যায়।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
দুর্ঘটনার পর বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন। উদ্ধারকর্মীরা জানালা দিয়ে তাদের বের করে আনেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিউরেগিহাজা শহরের দিকে যাওয়ার সময় বাসটি হঠাৎ সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানান, দেশটির কনস্যুলার সেবা দুর্ঘটনার পর সক্রিয় করা হয়েছে। হাঙ্গেরির কর্তৃপক্ষের সঙ্গে পোল্যান্ডের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।
পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কিও দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটিকে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ওই বছর শিওফকের কাছে একটি ট্রেনের সঙ্গে জার্মান পর্যটকবাহী বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছিলেন।











