,

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মিলাদ

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মারা যান।

খালেদা জিয়ার জন্মনাম খালেদা খানম। ডাকনাম ছিল পুতুল। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। ভারত ভাগের পর পরিবার দিনাজপুরে চলে আসে। সেখানেই তার শৈশব ও কৈশোরের বড় একটি সময় কাটে।

১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান—তারেক রহমান ও আরাফাত রহমান কোকো।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের সঙ্গে চট্টগ্রামে অবস্থান করছিলেন খালেদা জিয়া। পরে পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদেরসহ আটক হন এবং মুক্তিযুদ্ধের শেষ দিকে মুক্তি পান।

১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন খালেদা জিয়া। ১৯৮২ সালে দলের প্রাথমিক সদস্য হওয়ার পর ধীরে ধীরে নেতৃত্বের শীর্ষে উঠে আসেন। ১৯৯১ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। পরবর্তীতে আরও দুই দফায় সরকারপ্রধান হন।

রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় বিরোধী দলের নেতৃত্বও দিয়েছেন খালেদা জিয়া। ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালে তিনি গ্রেপ্তার হন। পরে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পান। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার সাজা বাতিল করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশেও যান তিনি। পরে দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা যান।

মৃত্যুর পর এবারই প্রথম তার জন্মদিন পালন করছে বিএনপি। এ উপলক্ষে দলটি দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খালেদা জিয়ার জন্মতারিখ নিয়ে অতীতে বিভিন্ন নথিতে ভিন্ন তথ্য থাকলেও বিএনপি দীর্ঘদিন ধরে ১৫ আগস্টকে তার জন্মদিন হিসেবে পালন করে আসছে। চলতি বছরও দলটি এ তারিখে কর্মসূচি ঘোষণা করেছে।

এ জাতীয় আরও খবর