,

ধানমন্ডি ৩২ ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুত জলকামান

news-image

অনলাইন ডেস্ক : শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান।

সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। এর ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। ভবনের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি হিসেবে জলকামানটি রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, শনিবার সকাল পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের বিষয়েও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ কোনো সংগঠন যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে এ দিনকে ঘিরে নির্দিষ্ট কোনো হুমকি বা নাশকতার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থাপনাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে। ১৫ আগস্ট ঘিরে শনিবার সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।