আগস্টে আরও ৫ কার্গো এলএনজি আনবে সরকার
অনলাইন ডেস্ক : দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি আগস্ট মাসে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব চালানে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্টে অতিরিক্ত পাঁচ কার্গো এলএনজি আমদানির ব্যবস্থা করা হয়েছে। স্পট মার্কেটের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে এসব এলএনজি কেনা হয়েছে।
তিনি জানান, দেশের বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে বিভিন্ন উৎস থেকে নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। সাধারণত প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগস্টে সব মিলিয়ে নয় কার্গো এলএনজি দেশে আসবে। এর মধ্যে ইতোমধ্যে চারটি কার্গো পৌঁছেছে। বাকি পাঁচটি ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে। পুরো মাসের নয় কার্গোতে মোট এলএনজির পরিমাণ প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।
আগস্টের জন্য দীর্ঘমেয়াদি চুক্তিতে একটি, স্বল্পমেয়াদি চুক্তিতে পাঁচটি এবং স্পট মার্কেট থেকে তিনটি কার্গো কেনা হয়েছে।
এর আগে জুলাইয়ে একই তিন উৎস থেকে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়। ওই চালানগুলোতে প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ এলএনজি ছিল।
আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারের কাতার এনার্জি এবং ওমানের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং বাংলাদেশে এলএনজি সরবরাহ করে। পাশাপাশি স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমেও ওকিউ ট্রেডিং থেকে এলএনজি নেওয়া হচ্ছে।
এ ছাড়া সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিয়ে প্রয়োজন অনুযায়ী স্পট মার্কেট থেকেও প্রতি মাসে এলএনজি আমদানি করে সরকার।










