বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
আগস্ট ১০, ২০২৬
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও ভারত ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বাস্তবতায় পরস্পরের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে অতীতের বিষয়গুলো পেছনে ফেলে নতুনভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু মতপার্থক্য ও অমীমাংসিত বিষয় রয়েছে। তবে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে হবে এবং এ ক্ষেত্রে ভারতকে আন্তরিকভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশ শুধু সীমান্তই ভাগাভাগি করে না, ভবিষ্যতের সমৃদ্ধির আকাঙ্ক্ষাও একসঙ্গে ধারণ করে।
গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দুই দেশের মানুষের প্রত্যাশা একটি শক্তিশালী ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো জটিলতা নেই, যা কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক উদ্যোগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বন্দি বিনিময় ও প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির বিষয়টি তুলে ধরেন। ওই চুক্তির আওতায় শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত চিহ্নিত পলাতক অপরাধীদের বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান তিনি।
এ ছাড়া শহিদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও চুক্তি অনুযায়ী দ্রুত বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ করা হয়। জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, বিষয়টি আইনি পর্যালোচনার পর ভারতীয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।