রোনালদোর দেওয়া বাগদানের আংটি মেয়ের হাতে জর্জিনা
আমাদের ব্রাহ্মণবাড়িয়া আগস্ট ১০, ২০২৬
অনলাইন ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর দেওয়া বাগদানের আংটি এবার মেয়ের হাতে তুলে দিয়েছেন জর্জিনা রদ্রিগেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত জর্জিনার নতুন ছবির একটি দৃশ্য ঘিরে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি নিজের নতুন গ্রীষ্মকালীন পোশাকের সংগ্রহের প্রচারে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন জর্জিনা। ছবিগুলোতে তাকে ধূসর রঙের প্যান্ট, টপ ও জ্যাকেটে দেখা যায়। পেছনে ছিল রোনালদোর ব্যক্তিগত বিমান। সঙ্গে ছিল হার্মেসের ব্যাগ ও গলায় ক্রুশের অলংকার।
তবে ছবিগুলোর মধ্যে শেষ ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। সেখানে জর্জিনার এক মেয়েকে খেলনা শিশুর সঙ্গে খেলতে দেখা যায়। খেলার সময় তার হাতে ছিল জর্জিনার বহুল আলোচিত বাগদানের আংটি, যেটি রোনালদো তাকে দিয়েছিলেন।
রোনালদো ও জর্জিনার সম্পর্কের ক্ষেত্রে আংটিটির বিশেষ গুরুত্ব রয়েছে। তিনটি পাথরের নকশায় তৈরি আংটির মাঝখানে রয়েছে ডিম্বাকৃতির একটি হীরা। দুই পাশে রয়েছে আরও দুটি পাথর। পুরো নকশাটি প্লাটিনামের ওপর বসানো।
আংটির দাম নিয়েও দীর্ঘদিন ধরে নানা আলোচনা রয়েছে। বিভিন্ন অলংকারবিষয়ক বিশেষজ্ঞ ও গণমাধ্যমের অনুমান অনুযায়ী, এর মূল্য ৩০ লাখ থেকে ৬০ লাখ মার্কিন ডলারের মধ্যে হতে পারে। তবে আংটির জন্য রোনালদো ঠিক কত অর্থ খরচ করেছেন, তা কখনো প্রকাশ্যে জানাননি।
২০২৫ সালের ১১ আগস্ট প্রথমবার আংটিটি প্রকাশ্যে আনেন জর্জিনা। সেদিন রোনালদোর সঙ্গে নিজের হাতের ছবি প্রকাশ করে তাদের বাগদানের খবর জানান তিনি। এরপর থেকেই আংটিটি এই তারকা জুটির সম্পর্কের অন্যতম আলোচিত প্রতীক হয়ে আছে।
এদিকে রোনালদো ও জর্জিনার বিয়ে নিয়েও বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে। চলতি আগস্টের প্রথম কয়েকটি শনিবারের কোনো একদিন তাদের বিয়ে হতে পারে বলে জল্পনা থাকলেও এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের বিয়ের কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি।