অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও এক ক্রু সদস্য নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকালে রিচফিল্ড শহরের দক্ষিণ-পশ্চিমে থ্রি ক্রিকস জলাধার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি ওয়াইডমাউথ টু দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তে আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল। যুক্তরাষ্ট্রের বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টারটি পরিচালনা করছিল হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান।
দুর্ঘটনার এক দিনেরও বেশি সময় পর শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) দুই আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, দুর্ঘটনার পর দুজনই গুরুতর আহত অবস্থায় ছিলেন।
দুর্গম পাহাড়ি এলাকা ও ভয়াবহ দাবানলের কারণে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। পরে শনিবার হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছ থেকে দুই আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
দাবানলের তীব্রতা বাড়তে থাকায় ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের কারণে কয়েকটি সড়কও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ইউটার গভর্নর স্পেন্সার কক্স আগুন নিয়ন্ত্রণের কাজকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছেন।
কর্মকর্তারা জানান, গত ২৭ জুলাই ফিসলেক জাতীয় বনে বজ্রপাতের মাধ্যমে ওয়াইডমাউথ টু দাবানলের সূত্রপাত হয়। পরে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে প্রায় ৪৫ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এটি চলতি বছরে ইউটার সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে।
শনিবার পর্যন্ত আগুনের প্রায় ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আশপাশের কয়েকটি বসতি এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।
চলতি বছর ইউটায় এটি দ্বিতীয় প্রাণঘাতী দাবানল। এর আগে জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলজ ও গোর দাবানল নিয়ন্ত্রণের সময় তিন দমকলকর্মী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আরও একজনের মৃত্যু হয়।