,

জ্বালানি খাত মাফিয়াদের হাতে নয়, হুঁশিয়ারি এনসিপির

news-image

অনলাইন ডেস্ক : দেশের জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট খাতকে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের উদ্যোগ প্রতিহত করা হবে।

সোমবার এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ নিয়ে যে তথ্য উঠে এসেছে, তা উদ্বেগজনক। আইনি প্রক্রিয়া ও সরকারি নিয়ম উপেক্ষা করে ঋণ জালিয়াতি, ব্যাংক লুট ও অর্থপাচারের অভিযোগ থাকা একটি ব্যবসায়ী গোষ্ঠীকে জাতীয় পেট্রোলিয়াম বাণিজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করে দলটি।

এনসিপির নেতারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে অতীতে যে ধরনের অনিয়ম ও সুবিধাভোগী গোষ্ঠীর আধিপত্য তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তার পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের মতো ব্যবস্থার মাধ্যমে অতীতে জনগণের অর্থ অপচয় ও লুটপাটের সুযোগ তৈরি হয়েছিল।

বিবৃতিতে সাম্প্রতিক প্রশাসনিক তৎপরতার গতিও প্রশ্নবিদ্ধ করা হয়। তদন্ত কমিটি গঠনে অল্প সময় দেওয়া, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে অপসারণ এবং দ্রুত নীতিমালার খসড়া তৈরির উদ্যোগকে ‘অস্বাভাবিক তাড়াহুড়ো’ হিসেবে উল্লেখ করেছে এনসিপি।

দলটির দাবি, আমদানিনির্ভর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি খাতে বিপিসির নিজস্ব শোধন, সংরক্ষণ ও বিপণন সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এর পরিবর্তে বেসরকারি কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে বাজার নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হলে তা জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এনসিপি আরও অভিযোগ করে, এলপিজি খাতে বেসরকারি আমদানিকারকদের আধিপত্যের কারণে সাধারণ মানুষকে নানা সময়ে চাপের মুখে পড়তে হয়েছে। একই ধরনের পরিস্থিতি ডিজেল, পেট্রোল ও অকটেনের মতো গুরুত্বপূর্ণ জ্বালানির ক্ষেত্রেও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটি।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাত কোনো ব্যবসায়ী গোষ্ঠীর অতিরিক্ত মুনাফার উৎস হতে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এসব খাতের নিয়ন্ত্রণ ও পরিচালনা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারি মালিকানা ও নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হওয়া অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

দলটি আরও হুঁশিয়ারি দিয়েছে, জ্বালানি খাত নিয়ে কথিত ‘গোপন সমঝোতা’ বা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বন্ধ করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

এ জাতীয় আরও খবর

সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান

যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন; বিএনপিকে জামায়াতের আমির

‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শেষ হতেই হকারদের দখলে ফুটপাত

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা বাতিল চান হাসনাত

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি, তথ্যকে ‘গুজব’ বললেন ছাত্রদল সভাপতি

শিক্ষক নিয়োগে ফিরছে ম্যানেজিং কমিটি

রাজধানীতে সন্ধ্যায় ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পাহাড়ে ‘শিকার’ নিয়ে অপু বিশ্বাস