রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দুর্ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
নিহতদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
এর আগে রোববার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।











