শাবনূর: ‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’
অনলাইন ডেস্ক : নিজেকে নিয়ে ছড়ানো প্রেম ও বিয়ের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন চিত্রনায়িকা শাবনূর। রিজভী আহমেদ নামের এক ব্যক্তির দেওয়া পৃথক সাক্ষাৎকারে তার সঙ্গে প্রেম ও বিয়ের যে দাবি করা হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুক পোস্টে শাবনূর জানান, একটি সাক্ষাৎকারে রিজভী তাকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন। আবার অন্য একটি সাক্ষাৎকারে একই ব্যক্তি শাবনূরকে তার সাবেক প্রেমিকা হিসেবে উল্লেখ করেছেন। এ দুই বক্তব্যকে পরস্পরবিরোধী বলে মন্তব্য করেন অভিনেত্রী।
শাবনূরের ভাষ্য, রিজভী ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেছেন। তবে তিনি এমন কোনো বিয়ের কথা অস্বীকার করে প্রশ্ন তুলেছেন, কথিত বিয়েটি কোথায় ও কীভাবে হয়েছিল।
অভিনেত্রী জানান, রিজভী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে থাকলেও ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি নিজে যুক্তরাজ্যে যাননি। তার সঙ্গে রিজভীর কোনো সম্পর্ক ছিল না এবং ব্যক্তিগতভাবেও তাকে চেনেন না বলে দাবি করেন শাবনূর।
বিষয়টি নিয়ে রসিকতা করে তিনি বলেন, বাস্তবে তার সঙ্গে কোনো বিয়ে না হয়ে হয়তো রিজভীর ‘স্বপ্নের বাসর’ হয়েছিল।
এদিকে রিজভীর বক্তব্যে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে ঘিরে তার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে বলে জানান শাবনূর। সালমান শাহকে ব্ল্যাকমেল করার অভিযোগ এবং তার মৃত্যুর সঙ্গে তাকে জড়ানোর চেষ্টার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন তিনি।
শাবনূর বলেন, সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক নিয়ে একজনের কথা আরেকজনের কাছে লাগানোর মতো কোনো আচরণ তিনি কখনো করেননি। রিজভী কোন ভিত্তিতে তাকে ব্ল্যাকমেলের অভিযোগে অভিযুক্ত করেছেন, সে প্রশ্নও তোলেন তিনি।
রিজভীর অতীতের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন শাবনূর। তার দাবি, একসময় সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছিলেন রিজভী এবং এ ঘটনায় রাজসাক্ষী হওয়ার কথাও বলেছিলেন। পরে যুক্তরাজ্যে চলে যান তিনি।
তবে দীর্ঘ সময় পর দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে রিজভী আবার সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন এবং তার মা নীলা চৌধুরীকে দায়ী করেছেন বলে উল্লেখ করেন শাবনূর।
অভিনেত্রীর মতে, একই ব্যক্তির বক্তব্যে বারবার পরিবর্তন ও পরস্পরবিরোধী দাবি থাকায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। নিজের বিরুদ্ধে প্রেম, বিয়ে ও সালমান শাহকে ঘিরে তোলা সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন শাবনূর।











