এসএসসি-সমমানের ফল সোমবার, জানবেন যেভাবে
অনলাইন ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সব শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইটেও ফল দেখা যাবে। পরীক্ষার্থীরা রোল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে ফলাফল জানতে পারবেন।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে প্রথমে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ধরন হবে: SSC DHA ROLL YEAR। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে: SSC MAD ROLL YEAR। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট হবে: SSC TEC ROLL YEAR। সব ক্ষেত্রেই বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এই অর্থের মধ্যেই প্রযোজ্য সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।











