রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
আগস্ট ৮, ২০২৬
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন। সফরের একপর্যায়ে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানিয়েছেন, এ সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে কিছু দাবি-দাওয়া তুলে ধরা হবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরই আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে রমজান শুরু হওয়া এবং বাবুনগর মাদরাসায় তার ধর্মীয় দায়িত্ব থাকায় তখন ঢাকায় আসা সম্ভব হয়নি। পরে প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানান। সেই ধারাবাহিকতায় এবারের সফরসূচি নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে সকাল ১০টার দিকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ মহেশখালীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।
কক্সবাজারের কর্মসূচি শেষে দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
পরে ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে পেলাগাজী দিঘির মাঠে হেলিকপ্টারে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ফটিকছড়িতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন আয়োজন সম্পন্ন করা হচ্ছে। হেলিপ্যাড প্রস্তুত, অনুষ্ঠানস্থল সাজানো, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও এগিয়ে নেওয়া হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফটিকছড়ির কর্মসূচি শেষে দুপুর ২টা ৩০ মিনিটে হাটহাজারীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শনের পাশাপাশি মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিকেল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা কার্যক্রমে অংশ নেবেন।
সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরের একটি হোটেলে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।