অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শনিবার সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া অধিদপ্তর। ফলে এ সময় নদীবন্দরগুলোতে কোনো সংকেত দেখানোর প্রয়োজন নেই।
শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। পরদিন রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে।