,

‘জুলাই স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়া হলো দর্শনার্থীদের জন্য

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরে স্থাপিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিন শুধু জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পান।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে প্রবেশের সময়কে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশ করতে পারবেন।

অনলাইন বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। প্রথম দিনের নির্ধারিত ৯০০টি টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।

মূল ভবন পরিদর্শনের জন্য প্রতিদিন তিনটি স্লট রাখা হয়েছে। মর্নিং স্লটে সকাল ১১টা থেকে দুপুর ১টা, মিড ডে স্লটে দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং ইভিনিং স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘর ঘুরে দেখতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিটে উল্লেখিত সময়ের মধ্যেই দর্শনার্থীদের মূল ভবনে প্রবেশ করতে হবে।

জাদুঘরটিতে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি, নথিপত্র, আলোকচিত্র, শহীদদের ব্যবহৃত সামগ্রী ও বিশেষ ভাস্কর্য সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন গ্যালারিতে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হয়েছে।

দর্শনার্থীদের আকর্ষণ করছে শহীদ আহনাফের মৃত্যুর আগে তার মায়ের উদ্দেশে লেখা চিঠি, পাশাপাশি আন্দোলনের বিভিন্ন আবেগঘন মুহূর্তের প্রদর্শনী।

এছাড়া সাম্প্রতিক ইতিহাসের আলোচিত বিভিন্ন ঘটনা, গুম-নির্যাতন সংক্রান্ত তথ্যচিত্র ও ঐতিহাসিক দলিলও আলাদা প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

জাদুঘরের বাইরের প্রাঙ্গণে আন্দোলনে নিহতদের স্মরণে প্রতীকী কবর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রিকশাচালকের স্যালুট এবং শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পানি বিতরণের দৃশ্যের ভাস্কর্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।