বাংলাদেশকে নিয়ে রোমাঞ্চিত হ্যাজলউড
অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টকে ঘিরে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড বলেছেন, প্রতিপক্ষ সম্পর্কে অনেক কিছুই এখনো অজানা। তবে এই অনিশ্চয়তাই তাকে বেশি রোমাঞ্চিত করছে।
দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে চার শতাধিক পেশাদার ম্যাচ খেললেও বাংলাদেশের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি হ্যাজলউডের। ২০১৭ সালের টেস্ট সিরিজে তিনি ছিলেন না, আর চলতি বছরের বাংলাদেশ সফরের সীমিত ওভারের সিরিজেও বিশ্রামে ছিলেন। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে তার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা মাত্র নয়টি।
২২ বছর পর ডারউইনে টেস্ট আয়োজন এবং বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই অজি পেসার। তার মতে, উইকেটের আচরণ, কন্ডিশন এবং প্রতিপক্ষের খেলার ধরন—সবকিছুই কিছুটা অজানা হওয়ায় পরিকল্পনা ম্যাচ চলাকালেই সাজাতে হতে পারে।
হ্যাজলউড বলেন, ভিডিও বিশ্লেষণ থেকে ব্যাটারদের কিছু ধারণা পাওয়া গেলেও মাঠের বাস্তব পরিস্থিতি বুঝে পরিকল্পনা বদলানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপভোগ্য বিষয়।
এদিকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার কেন রিচার্ডসন সতীর্থদের ডারউইনের উইকেট নিয়ে সতর্ক করেছেন। তার ধারণা, শুষ্ক আবহাওয়ার কারণে মারারা স্টেডিয়ামের উইকেট তুলনামূলক ধীরগতির হবে এবং প্রচলিত অস্ট্রেলিয়ান উইকেটের মতো অতিরিক্ত গতি ও বাউন্স নাও থাকতে পারে। বরং এটি কিছুটা বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মিল রাখতে পারে।
টেস্ট ক্যারিয়ারে ২৯৫ উইকেট নেওয়া হ্যাজলউড মনে করেন, দীর্ঘ পরিসরের ক্রিকেটে সাফল্যের মূল চাবিকাঠি হলো সহজ পরিকল্পনা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা। তার ভাষায়, টেস্টে পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ থাকে, যা টি-টোয়েন্টিতে সম্ভব নয়। সেখানে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হয়।











