জুলাই দিবস ঘিরে দেশজুড়ে র্যাবের নিরাপত্তা জোরদার
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
আগস্ট ৪, ২০২৬
অনলাইন ডেস্ক : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব।
মঙ্গলবার র্যাব ফোর্সেস সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন এবং কোনো কুচক্রী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম বাড়ানো, আগাম তথ্য সংগ্রহ এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়া দিবস উপলক্ষে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত পথ এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকের সদস্যদের মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব সদস্যরা কাজ করবেন।