ঢাকেশ্বরী মন্দিরের বিয়ে নিয়ে বিচার দাবি ১২৩০ নাগরিকের
অনলাইন ডেস্ক :ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে কথিত ‘বেআইনি সমলিঙ্গের বিয়ে’র ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১ হাজার ২৩০ জন নাগরিক।
মঙ্গলবার ‘ঢাকেশ্বরী মন্দিরে বেআইনি সমকামী বিবাহে জড়িতদের শাস্তি নিশ্চিত করুন’ শিরোনামে প্রকাশিত ওই বিবৃতিতে বিভিন্ন পেশার ব্যক্তি, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ অনেকে স্বাক্ষর করেছেন বলে জানানো হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি দেশের প্রচলিত আইন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিদাতারা বলেন, দেশের বিদ্যমান আইন ও সামাজিক কাঠামোর আলোকে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তারা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশ নিয়েছেন। স্বাক্ষরকারীদের পূর্ণ তালিকা সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে জন্য সরকারকে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।











