বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোকে সতর্ক করেছিল উয়েফা
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
আগস্ট ৩, ২০২৬
অনলাইন ডেস্ক : বিশ্বকাপের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আইনি পদক্ষেপের সতর্কবার্তা দিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনা ও বিরোধিতার মুখে পরিকল্পনাটি বাতিল করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জশ কুশনারের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ফুটবল অঙ্গনে তীব্র বিরোধিতা তৈরি হওয়ায় শনিবার সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।
উয়েফা জানায়, প্রস্তাব প্রত্যাহার না করা হলে তাদের ৫৫ সদস্য দেশ বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করত। একই সঙ্গে ইনফান্তিনোর নেতৃত্বের ওপরও আস্থা হারানোর কথা জানায় সংস্থাটি।
শুক্রবার ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে উয়েফা জানায়, প্রয়োজনে আইনি ব্যবস্থা, সালিসি প্রক্রিয়া কিংবা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়ের করা হতে পারে। একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছেও।
চিঠিতে পরিকল্পনা-সংক্রান্ত সব নথি, ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়ে উয়েফা সতর্ক করে যে, কোনো তথ্য মুছে ফেলা, পরিবর্তন বা গোপন করার চেষ্টা প্রমাণ নষ্টের শামিল হিসেবে বিবেচিত হতে পারে।
পরবর্তীতে পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন পক্ষের মতামত পর্যালোচনার পর দেখা গেছে, এটি ফুটবল অঙ্গনে বিভাজন সৃষ্টি করছে। তাই প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না।
তিনি আরও জানান, ভবিষ্যতে সব অংশীজনকে নিয়ে আলোচনার মাধ্যমে বৈশ্বিক ফুটবল উন্নয়নের নতুন পথ খুঁজে বের করার চেষ্টা চালানো হবে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইনফান্তিনোর জন্য বড় ধরনের নীতিগত পিছু হটা। একই সঙ্গে আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনকে ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংস্থার নিয়ম অনুযায়ী, পর্যাপ্ত সদস্য দেশের সমর্থন পেলে সভাপতির বিরুদ্ধে অনাস্থা ভোটের উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।