,

৮ বছর পর বড়পর্দায় ফিরছেন আমিন খান

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ আট বছর বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমিন খান। ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি।

সিনেমাটি নির্মাণ করছেন মোহাম্মদ ইকবাল। শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হওয়া মহরতে ছবির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরার অনুভূতি জানিয়ে আমিন খান বলেন, অনেক সময় পর আবারও চলচ্চিত্রে কাজ করতে পেরে তিনি আনন্দিত। নির্মাতা মোহাম্মদ ইকবালের প্রস্তাব পাওয়ার পর নতুন করে সিনেমায় কাজ করার আগ্রহ তৈরি হয়েছে।

তিনি বলেন, ছবিটিতে দেশের বেশ কয়েকজন গুণী শিল্পী যুক্ত হয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দর্শকদের জন্য একটি ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা থাকবে।

‘গুলশানের চামেলি’ সিনেমার গল্পে উঠে আসবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালের নানা বাস্তবতা। এতে দেখা যাবে, কোনো অপরাধ না করেও একজন যৌনকর্মী কীভাবে ক্ষমতার দ্বন্দ্ব ও নির্মমতার শিকার হন।

আমিন খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, আমিন খান সর্বশেষ ২০১৮ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমায় অভিনয় করেছিলেন।