,

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার হবে: মাহদী আমিন

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ সরকার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। পাশাপাশি জুলাইয়ের গণহত্যার বিচারও নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রোববার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, মানবিক ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে আহত অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, আবার কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। সরকার শহীদ পরিবার ও আহতদের পাশে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জুলাইয়ের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তবে দীর্ঘদিনের শাসনব্যবস্থার প্রভাব দূর করতে সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশে মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার কাজ করছে। একই সঙ্গে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন এবং স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান মাহদী আমিন।