,

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

news-image

=অনলাইন ডেস্ক : সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাই আদালতে পাওয়া শর্তসাপেক্ষ জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের কর্মকর্তা এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে এবং আদালতের জামিন আদেশের প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই শর্তসাপেক্ষে বেনজীর আহমেদের জামিন মঞ্জুর করেন। পরে ৩০ জুলাই আইনি আনুষ্ঠানিকতা শেষে তিনি কারামুক্ত হন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানায়।

জানা গেছে, আদালতের শর্ত অনুযায়ী বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না।

এদিকে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা (এনসিবি) জানিয়েছে, তার মুক্তি নিয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। একই সঙ্গে পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি ও আইনি বিষয় নিয়ে দুবাই আদালতে শুনানি শেষে শর্তসাপেক্ষে বেনজীর আহমেদের জামিন মঞ্জুর করা হয়। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো প্রকাশ করা হয়নি।