মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে আগ্রহী বাংলাদেশ
অনলাইন ডেস্ক : মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। জ্বালানি সহযোগিতা আরও জোরদার করতে প্রতিবেশী দেশটির সঙ্গে এ বিষয়ে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ প্রস্তাব তুলে ধরেন।
বৈঠকে মন্ত্রী জানান, দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে। সেই চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়টি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। পাশাপাশি পাইপলাইনের পাশাপাশি এলএনজি আকারেও গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ প্রস্তাবেও ইতিবাচক সাড়া দেন জ্বালানি মন্ত্রী।
বৈঠকে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপনের পুরোনো পরিকল্পনা পুনরায় আলোচনায় আনার বিষয়েও মতবিনিময় হয়। দুই দেশের জ্বালানি সহযোগিতা আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেন ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে তিনি মিয়ানমারের জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরের আগ্রহ প্রকাশ করেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর বাস্তবায়নে দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা যেতে পারে।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।











