পুলিশ হবে জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (প্রথম পর্যায়) ছয় মাসব্যাপী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের পরিবর্তনের এই সময়ে পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘদিনের বঞ্চনার পর যারা এই পর্যায়ে ফিরেছেন, তাদের জাতির প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনা।
পুলিশ বাহিনীকে আধুনিক, মানবিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ লক্ষ্যে বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি চালু করা হয়েছে। ভালো কাজের জন্য স্বীকৃতি এবং অনিয়মের ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা থাকবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান বিবেচনা না করে সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তারা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন, শপথ গ্রহণ এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











