ভিনিসিয়ুস ইস্যুতে নীরব আর্তেতা
অনলাইন ডেস্ক : রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তবে দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে আরও কয়েকজন খেলোয়াড় দলে যোগ হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে আর্সেনালে আনার সম্ভাবনা নিয়ে কাজ করছে ইংলিশ ক্লাবটি। চুক্তির আর্থিক ও কৌশলগত দিকগুলোও পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মজার ছলে আর্তেতাকে প্রশ্ন করেন, ‘ভিনিসিয়ুস কবে আর্সেনালে আসছেন?’ জবাবে শুধু হেসে কোনো মন্তব্য না করেই চলে যান এই স্প্যানিশ কোচ।
ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হবে। নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে পারে স্প্যানিশ ক্লাবটি। তবে আগের চেয়ে বেশি পারিশ্রমিকের নতুন প্রস্তাব দেওয়ার সম্ভাবনা কম বলেও জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুস ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলে তাকে দলে পাওয়ার ক্ষেত্রে নিজেদের সম্ভাবনা দেখছে আর্সেনাল। যদিও খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখনো আর্সেনালের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।
প্রাক্-মৌসুম ম্যাচে জিরোনাকে ৪-১ গোলে হারানোর পর দলবদল নিয়ে কথা বলেন আর্তেতা। তিনি জানান, দলকে আরও শক্তিশালী করতে তারা সক্রিয়ভাবে কাজ করছেন এবং আগামী কয়েক সপ্তাহে স্কোয়াডে পরিবর্তন আসতে পারে।
আর্সেনাল কোচ বলেন, দলবদলের বাজারে অন্য ক্লাবগুলোর কার্যক্রমও তারা পর্যবেক্ষণ করছেন। ক্লাবের বড় লক্ষ্য পূরণে তারা উচ্চাভিলাষী বলেও জানান তিনি।
এবারের গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনালের উল্লেখযোগ্য সংযোজন গ্রিসের উইঙ্গার ক্রিস্তোস জোলিস। প্রায় ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে ক্লাব ব্রুজ থেকে আসা এই খেলোয়াড় জিরোনার বিপক্ষে আর্সেনালের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন।
ভিনিসিয়ুস ছাড়াও নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নেওয়ার আগ্রহের কথাও শোনা যাচ্ছে আর্সেনালের।











