দুবাই কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর
অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি কারামুক্ত হন। বিষয়টি রোববার তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের জিম্মায় থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি আমিরাতের বাইরে যেতে পারবেন না।
এদিকে, বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, তার মুক্তির বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। একইভাবে পুলিশ সদরদপ্তর থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
জানা গেছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি বিষয় আদালতে পর্যালোচনা এবং উভয় পক্ষের শুনানি শেষে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার ভিত্তিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশের সহায়তায় এবং ইন্টারপোলের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। গত ১২ জুন এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে দুদক। এসব অভিযোগের সূত্র ধরেই তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি দেশ ত্যাগ করেন।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়ও তার নাম অন্তর্ভুক্ত হয়।











