হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু এবং নতুন করে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এ হিসাব করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭৩০ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জন।
এদিকে, চলতি বছরে দেশে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৫৫৫ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৫৪ শিশু। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।











