সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের জনপ্রিয় পর্যটন এলাকা স্পেস নিডলের পাশের সিয়াটল সেন্টারে বন্দুক হামলায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হামলার সময় সিয়াটল সেন্টারে চলছিল বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব। প্রতি বছর এ আয়োজনে কয়েক লাখ মানুষের সমাগম হয়।
সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে, যার অবস্থা বর্তমানে স্থিতিশীল। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আরও একজন সামান্য আহত হলেও হাসপাতালে ভর্তি হননি। অন্য আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
সিয়াটল পুলিশ বিভাগ জানিয়েছে, গুলির ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে সাধারণ মানুষকে সাময়িকভাবে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ একের পর এক গুলির শব্দ শোনা যায়। প্রথমে অনেকে এটিকে আতশবাজির শব্দ মনে করলেও পরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসবে উপস্থিত মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, শুরুতে আতশবাজি মনে হলেও মুহূর্তের মধ্যেই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন। আরেকজন বলেন, সবাই দৌড়াতে শুরু করায় তিনিও প্রাণ বাঁচাতে ছুটে যান।
ঘটনার পর নিরাপত্তার কারণে সিয়াটল সেন্টার মনোরেল রোববারের বাকি সময়ের জন্য বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সোমবার সকাল থেকে আবার চালু হবে।
এ হামলার নিন্দা জানিয়ে কংগ্রেসওম্যান প্রমিলা জয়াপাল একে ‘অর্থহীন সহিংসতা’ বলে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান।
ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসনও নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
সিয়াটলের মেয়র কেটি উইলসন জানিয়েছেন, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি দ্রুত অভিযান পরিচালনার জন্য পুলিশ সদস্যদের প্রশংসা করেন।
তবে হামলার উদ্দেশ্য কিংবা আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।











