সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ২৬, ২০২৬
অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে করা মামলায় বাবা কবির ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে কবির ইসলাম তার সাত মাস বয়সী মেয়ে রাফা মনি কবিতাকে নানির কোল থেকে নিয়ে রাস্তায় আছড়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার পর তুরাগ থানা পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন ১৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় ১৭ জুলাই শিশুটির নানি সারমীন আক্তার বাদী হয়ে তুরাগ থানায় কবির ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আদালতের আদেশে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণে জানা যায়, দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সন্তান রাফা মনি। কবির রিকশা চালাতেন এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার দিন লিমা তার অসুস্থ বাবাকে দেখতে শিশুকে নিয়ে রাজধানীর বালুরমাঠ এলাকার একটি বস্তিতে যান। সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির শিশুটিকে নানির কাছ থেকে নিয়ে আছড়ে ফেলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় রাফা মনিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।