২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ২৬, ২০২৬
অনলাইন ডেস্ক : ২০২৭ সালের হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৭ জুলাই)। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার অনুযায়ী, ই-হজ সিস্টেমের মাধ্যমে এই নিবন্ধন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
হজে যেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরে নির্ধারিত অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রাথমিক নিবন্ধনের জন্য হজযাত্রীদের অবশ্যই নির্দিষ্ট মেয়াদের বৈধ পাসপোর্ট থাকতে হবে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট প্রয়োজন হবে।
নিবন্ধনের ক্ষেত্রে প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধনকারীদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা hajj.gov.bd ওয়েবসাইটে ই-হজ সিস্টেমের মাধ্যমে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা-উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে।
সরকারি ব্যবস্থার হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, কিছু নির্দিষ্ট শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না। ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালনের সুযোগ পাবেন না। এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির জটিল রোগে আক্রান্ত, গুরুতর স্নায়ুবিক বা মানসিক সমস্যায় ভোগা এবং ডিমেনশিয়া রোগীরা হজে যেতে পারবেন না।
কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণকারী ক্যান্সার রোগী এবং যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না।
এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা ব্যক্তিরা হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।
প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের স্থান, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে।