অনলাইন ডেস্ক : দীর্ঘ দেড় বছর দেশের বাইরে থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী জানিয়েছেন, প্রিয় মাতৃভূমি ছেড়ে যাওয়ার সময় তিনি ভাবতেও পারেননি বিদায়ের সময় এত দীর্ঘ হবে। মেয়ের পড়াশোনা ও ভবিষ্যতের কথা চিন্তা করেই বর্তমানে বিদেশে অবস্থান করছেন তিনি।
প্রবাসজীবনের দেড় বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন এই সংগীতশিল্পী।
ডলি সায়ন্তনী লেখেন, ২০২৫ সালের এই দিনে প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি জমিয়েছিলেন তিনি। তখন ধারণা ছিল না, এই বিচ্ছেদ এত দীর্ঘ হবে। জীবনের বাস্তবতা মানুষকে অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আল্লাহ যেখানেই রেখেছেন, তার রহমতে ভালো আছেন। মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা এবং ভক্তদের শুভকামনা তাকে প্রতিদিন শক্তি জোগায়।
নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে ডলি সায়ন্তনী জানান, তিনি কখনো কারও ক্ষতি করার চেষ্টা করেননি, বরং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। জীবনে কষ্ট ও বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতা থাকলেও আল্লাহ কখনো তাকে হতাশ করেননি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, তার প্রবাসে থাকার মূল কারণ মেয়ের পড়াশোনা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। এ জন্য ভক্তদের কাছে নিজের ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন তিনি।
দেশের প্রতি গভীর ভালোবাসার কথা প্রকাশ করে এই শিল্পী বলেন, কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন তা জানেন না। দেশের জন্য মন কাঁদে, আর প্রবাসে কেউ বাংলাদেশ থেকে গেলে মনে হয় যেন নিজের দেশ, মাটি ও প্রিয় মানুষদের কাছাকাছি পাওয়া যাচ্ছে।
ডলি সায়ন্তনী বলেন, পৃথিবীর অসংখ্য প্রবাসী মানুষের মতো তিনিও এই অনুভূতি অনুভব করেন। দূরত্ব যতই হোক, দেশের প্রতি ভালোবাসা কখনো কমে না। তিনি সব প্রবাসীর নিরাপদ ও সুন্দরভাবে আপনজনদের কাছে ফিরে আসার জন্য দোয়া করেন।