সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার
অনলাইন ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অভিযোগগুলোর তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, সরকার কারও প্রতি অবিচার করতে চায় না। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী সব কার্যক্রম পরিচালিত হবে এবং সরকার এ বিষয়ে সাংবিধানিক প্রক্রিয়াই অনুসরণ করবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দেশের দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমপরিমাণ। এছাড়া খুলনায় প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ এবং পিরোজপুরে এলজিইডির প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি।
আইনমন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে মিথ্যা মামলার সংখ্যা আগের তুলনায় কমেছে।
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন পেশায় প্রতিষ্ঠা পেতে নিয়মিত অধ্যয়ন, দক্ষতা, পেশাগত সততা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতার কোনো বিকল্প নেই। পাশাপাশি, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি, তা নিজের রাজনৈতিক দলের কেউ হলেও।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজিত এ কর্মশালায় প্রায় এক হাজার ৫৪ জন নবীন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠানে আইনজীবীদের পেশাগত নৈতিকতা, দায়িত্ববোধ এবং সামাজিক মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।











