ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
অনলাইন ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে তার পদত্যাগের খবর আসে। ধর্মেন্দ্র প্রধান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনা অর্থবহ হবে না। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানকে সরানো নিয়ে কোনো আপসের সুযোগ নেই।
জানা যায়, কেন্দ্রের সঙ্গে আলোচনায় সিজেপি তিনটি দাবি তুলে ধরেছিল। এগুলো হলো—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সিজেপি প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। আলোচনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণের বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মতি জানালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা আসে।










