শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পরিবর্তনের সময় এসেছে: রাহুল

news-image

অনলাইন ডেস্ক :ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের বর্তমান সরকারকে বিদায় জানানোর সময় এসে গেছে। শনিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষাব্যবস্থার সংস্কারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ আন্দোলনে অংশ নেওয়া দেশের সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় তাদের ভূমিকা প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দুটি দাবি এখনও বাস্তবায়ন হয়নি। এর মধ্যে প্রথমটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়টি হলো, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

রাহুল গান্ধীর দাবি, কৃষক, শ্রমিক, দরিদ্র ও নিপীড়নের শিকার সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবিধানিক উপায়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারকে সরিয়ে দেওয়ার সময় এসেছে এবং জনগণকে ভয় না পাওয়ার আহ্বান জানান।