মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চাকরি ছেড়ে দেশে ফিরে বাণিজ্যিক পেঁপে চাষে সফলতার নজির গড়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার উদ্যোক্তা আবু বকর সিদ্দিকী সুমন। মাত্র পাঁচ বছরে পেঁপে ও পেঁপের চারা বিক্রি করে তিনি কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন। একই সঙ্গে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দুই হাজারের বেশি নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সুমন প্রায় ৬০ লাখ টাকার পেঁপে এবং ১ কোটি ৬০ লাখ টাকার পেঁপের চারা বিক্রি করেছেন। এতে তার প্রায় ৬০ লাখ টাকা লাভ হয়েছে। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের অনেক কৃষক বাণিজ্যিকভাবে পেঁপে চাষে আগ্রহী হয়েছেন।

বর্তমানে প্রায় দেড় একর জমি ও মাছের ঘেরের পাড়জুড়ে তার বাগানে রয়েছে প্রায় ১ হাজার ২৫০টি পেঁপে গাছ। শাহী ও কাশ্মীরি জাতের এসব গাছ থেকে প্রতি মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ ফলন পাওয়া যায়। চলতি মৌসুমে তার বাগানের পেঁপে বিক্রি থেকে প্রায় ২৫ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করেও বাড়তি আয় করছেন।

কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে সুমন প্রতিষ্ঠা করেছেন ‘দেলোয়ারা এগ্রো ট্রেনিং সেন্টার’। দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ, শিক্ষার্থী ও আগ্রহী কৃষকরা সেখানে প্রশিক্ষণ নিতে আসেন। গত তিন বছরে তার প্রশিক্ষণ কেন্দ্র থেকে দুই হাজারেরও বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে।

চারা উৎপাদনেও ধারাবাহিক সাফল্য পেয়েছেন তিনি। ২০২৩ সালে যেখানে ৬ হাজার চারা বিক্রি করেছিলেন, সেখানে ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৪ লাখে পৌঁছায়। চলতি বছর প্রায় ৬ লাখ চারা বিক্রি করেছেন এবং আগামী বছরে ২০ লাখ চারা বাজারজাত করার লক্ষ্য নিয়ে আধুনিক পলি হাউস নির্মাণ করেছেন।

কৃষিতে বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিক সম্মাননা পেয়েছেন সুমন। নেপাল, ভারত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাকে পুরস্কৃত করেছে।

সুমনের ভাষ্য, বেকার তরুণদের কৃষিকে সম্ভাবনাময় পেশা হিসেবে গ্রহণ করা উচিত। সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে অল্প জমিতেও ভালো আয় সম্ভব। তিনি বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নতুন উদ্যোক্তা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।

বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সুমন একজন পরিশ্রমী ও উদ্ভাবনী কৃষি উদ্যোক্তা। উন্নতমানের পেঁপের চারা উৎপাদন এবং কৃষকদের সহায়তায় তার ভূমিকা অন্যদের জন্য অনুকরণীয়।