মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

news-image

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, নদীতীর সংরক্ষণ প্রকল্প, স্লুইসগেট ও অন্যান্য জলকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেবে এসব অবকাঠামো পুনর্নির্মাণে ১৫০ কোটিরও বেশি টাকা প্রয়োজন হতে পারে।

পাউবো সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন জেলায় শতাধিক স্থানে বাঁধ ভাঙন, নদীতীর ধস এবং জলকাঠামোর ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, রাউজান, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, সন্দ্বীপ এবং খাগড়াছড়ির কয়েকটি এলাকা।

প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগ-১-এর আওতায় ৭৪টি স্থানে প্রায় ২২ কোটি ৯১ লাখ টাকার এবং বিভাগ-২-এর আওতায় ৯৩টি স্থানে প্রায় ৮৬ কোটি ৯২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া রাঙামাটি পানি উন্নয়ন বিভাগের অধীন বিভিন্ন এলাকায়ও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যায় হালদা, কর্ণফুলী, ইছামতি, সাঙ্গু, ডলু, মাইনী ও চেঙ্গী নদীর তীর এবং একাধিক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁশখালী ও সন্দ্বীপে কয়েকটি স্লুইসগেট এবং সীতাকুণ্ডে একটি রেগুলেটরও ক্ষতির মুখে পড়েছে, যা পানি নিষ্কাশন ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখন পর্যন্ত প্রাথমিক হিসাব। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে ক্ষতিগ্রস্ত বাঁধ, নদীতীর ও জলকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি স্থায়ী পুনর্বাসন ও পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রকল্প ও বরাদ্দের প্রস্তাবও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।