ট্রল-অপবাদে দায়িত্ব থেকে সরে যাব না: শিক্ষামন্ত্রী
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ১৮, ২০২৬
অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ট্রল কিংবা অপবাদ দিয়ে সরকারকে শিক্ষা খাতে নির্ধারিত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যাবে না। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য বাস্তবায়নে সব ধরনের বাধা মোকাবিলা করা হবে।
শনিবার নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে যেসব ট্রল ও সমালোচনা হয়েছে, সেগুলোর সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীদের সম্পৃক্ততা ছিল না। তিনি দাবি করেন, দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এসব আন্দোলনে দেখা যায়নি। শিক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতেও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও অন্যায়ের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্বে অটল থাকার আহ্বান জানান তিনি।
কুমিল্লায় এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই মানবিক কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সঙ্গে প্রশ্নফাঁসের গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা রোধে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তার ভাষায়, পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন ও সনদ প্রদান সম্ভব নয়।
উচ্চশিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ও কর্মমুখী করে গড়ে তোলা হচ্ছে। দক্ষ মানবসম্পদ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষাখাতে বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় আয়ের ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে ৮০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুত বিশ্ববিদ্যালয়টিকে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতে আন্তর্জাতিক মানের ‘স্কুল অব এগ্রিকালচার’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। সেশনজট কমাতে ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি এবং মার্চে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।