অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নিতে যাচ্ছেন। সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
দায়িত্ব গ্রহণের আগে বার্নহ্যাম জানিয়েছেন, তার নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, আগেভাগে মন্ত্রিসভার নাম প্রকাশ করলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হতে পারে। সোমবারই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে নতুন অর্থমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সাবেক জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড এবং বিচারমন্ত্রী শাবানা মাহমুদের নাম বেশি শোনা যাচ্ছে।
লেবার পার্টির নেতা হিসেবে প্রথম বক্তব্যে বার্নহ্যাম বলেন, তার মন্ত্রিসভায় দলের বিভিন্ন অংশের পাশাপাশি দেশের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। তিনি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি জানান, তার সরকার গত কয়েক দশকের অর্থনৈতিক নীতিতে পরিবর্তন এনে পুনঃশিল্পায়নের উদ্যোগ নেবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বার্নহ্যামের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তার অন্যতম অগ্রাধিকার হবে ইংল্যান্ডের সামাজিক সেবা ব্যবস্থার সংস্কার। দীর্ঘদিন ধরে অবহেলিত এই খাতে কার্যকর পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় অনেক মানুষ উচ্চ ব্যয়ের কারণে চরম আর্থিক চাপে পড়ছেন।
অন্যদিকে, রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ দাবি করেছেন, বার্নহ্যামের জনগণের সরাসরি ম্যান্ডেট নেই। তাই দ্রুত একটি সাধারণ নির্বাচন হওয়া উচিত। তবে লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি সহযোগিতার আহ্বান জানিয়ে স্বাস্থ্যসেবা, পানি খাতের সংস্কার এবং পারিবারিক পরিচর্যাকারীদের সহায়তার বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক বলেছেন, নতুন প্রধানমন্ত্রীর উচিত সংসদের গ্রীষ্মকালীন বিরতি ভেঙে এমপিদের সামনে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরা।
উল্লেখ্য, সম্প্রতি উপনির্বাচনে সংসদে ফিরে আসার পর লেবার পার্টির অধিকাংশ এমপি ও ট্রেড ইউনিয়নের সমর্থনে অ্যান্ডি বার্নহ্যাম দলের একমাত্র নেতৃত্বপ্রার্থী হিসেবে নির্বাচিত হন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তার নেতৃত্বে লেবার পার্টি হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারের চেষ্টা করবে।