জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?
ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। যেখানে ব্যর্থ হয়েছেন দলের টপ অর্ডার ব্যাটাররা। হারের পর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটারদের আরো উন্নতির তাগিদ দিয়েছেন। একইসঙ্গে ভুল থেকে শিক্ষা গ্রহণ করার কথাও বলেছেন।
ওয়ানডে সিরিজ হারের পর তবে কি টি-টোয়েন্টি সিরিজেও হারবে বাংলাদেশ? দর্শক-সমর্থকদের মনে এমন প্রশ্ন উঁকি দিচ্ছে কারণ প্রথম ম্যাচে খুবই বাজে ব্যাটিং করেছে টাইগাররা। তবে এখনো সিরিজ বাঁচানোর সুযোগ আসছে তাদের সামনে। সেটার জন্য ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচের দুইটাতেই জিততে হবে।
কোচ সালাহউদ্দিন বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য মাঠে নামি। তবে আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানদের আরেকটু কৌশলী হতে হবে, বিশেষ করে নির্দিষ্ট কয়েকজন বোলারের বিপক্ষে। তাহলেই আমরা ভালো করতে পারব। কিন্তু আমরা নিয়মিত একই ভুল করে যাচ্ছি। এর মানে হচ্ছে আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি না। পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে।’
‘এটা একটা লম্বা সফর। এরই মধ্যে আমরা ২০-২৫ দিন পার করে ফেলেছি। কন্ডিশনের সঙ্গে তাই মানিয়ে নেওয়া জরুরি। যদি বলা হয় যে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, তবে সেটা আমাদের জন্য মোটেও ভালো কোনো লক্ষণ নয়। ব্যাটার হিসেবে যত দ্রুত সম্ভব এই কন্ডিশনে মানিয়ে নিতে হবে। তবে আশা করি, পরের ম্যাচে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে।’-যোগ করেন তিনি।
আগামীকাল শুক্রবার বুলাওয়েতে বিকেল সাড়ে চারটায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি।











