,

প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

news-image

অনলাইন ডেস্ক : সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স দ্বিতীয়বারের মতো সবার উপস্থিতিতে খোলা হয়েছে। দানবাক্স থেকে অর্থ বের করার পর তা গণনার কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় এই কার্যক্রম শুরু হয়। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকিতে গঠিত কমিটির তত্ত্বাবধানে দানবাক্স খুলে টাকা গণনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গণনা শেষ হলে আনুষ্ঠানিকভাবে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ জানানো হবে। এরপর আগের নিয়ম অনুযায়ী পুরো অর্থ ব্যাংকে জমা রাখা হবে।

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া কমিটিতে সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, মাজারের মোতোয়াল্লি পরিবারের সদস্য এবং মসজিদ-মাদরাসার প্রতিনিধিরা রয়েছেন। জেলা প্রশাসক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের আটটি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার এবং দুটি সৌদি রিয়াল পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকার একটি চেক যুক্ত হওয়ায় মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা হযরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় জমা দেওয়া হয়।