শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের ব্যর্থতার জন্য প্রশাসনকেই দায়ী করলেন পেলের মেয়ে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে ব্রাজিলের ধারাবাহিক ব্যর্থতার জন্য খেলোয়াড়দের নয়, বরং দেশের ফুটবল প্রশাসনকে দায়ী করেছেন কিংবদন্তি ফুটবলার পেলের বড় মেয়ে কেলি নাসিমেন্তো। তার দাবি, দুর্নীতি, অস্বচ্ছতা ও জবাবদিহির অভাবই ব্রাজিলের ফুটবলকে পিছিয়ে দিচ্ছে।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর টানা ২৪ বছর ধরে বিশ্বকাপ ট্রফির অপেক্ষায় রয়েছে সেলেসাওরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলি বলেন, ব্রাজিলের ফুটবল কাঠামো এখন গভীর সংকটে। তার মতে, প্রশাসনিক দুর্বলতা ও অভ্যন্তরীণ অস্বচ্ছতার কারণে দেশের ফুটবল ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না।

তিনি বলেন, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের কোনো অভাব নেই। প্রতি বছরই অসংখ্য মেধাবী খেলোয়াড় উঠে আসছেন। কিন্তু সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার অভাবে সেই প্রতিভা আন্তর্জাতিক পর্যায়ে সফলভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে না।

কেলি আরও জানান, জীবিত থাকাকালেই পেলে দেশের ফুটবল প্রশাসনের অবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার মতে, মাঠের পারফরম্যান্সের চেয়ে প্রশাসনিক সংকটই ব্রাজিলের বড় সমস্যা।

সংকট কাটিয়ে উঠতে তিনি ফ্রান্সের ফুটবল পরিচালনার মডেল অনুসরণের পরামর্শ দেন। তার বিশ্বাস, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা ও আধুনিক ব্যবস্থাপনাই ফ্রান্সকে ধারাবাহিকভাবে সফল করে তুলেছে।

এ ছাড়া ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব বোতাফোগোর পুনরুত্থানের উদাহরণ তুলে ধরে মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের ভূয়সী প্রশংসা করেন কেলি। তার ভাষ্য, বাইরের একজন প্রশাসক হিসেবে টেক্সটর ক্লাব পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছেন, যা ব্রাজিলের ফুটবলের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।

কেলির মন্তব্যের পর ব্রাজিলের ফুটবল প্রশাসন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মতে, মাঠের খেলায় নয়, বরং প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনতে পারলেই ভবিষ্যতে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।