শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে সিলেট, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী দুই থেকে তিন দিনে সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এছাড়া ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি নদীতে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিচু এলাকাও সাময়িকভাবে পানিতে তলিয়ে যেতে পারে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কয়েকটি নদীর পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন দ্রুত বাড়তে পারে, এতে সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতির অবনতি হতে পারে।

এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে চলমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তরাঞ্চলেও বন্যার ঝুঁকি রয়েছে। তিস্তা নদীর পানি বাড়লে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে। পাশাপাশি ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর