বৈশ্বিক নিরাপত্তায় জোরালো সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক :ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএনকপস-২০২৬)-এ তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ প্রধান ও নীতিনির্ধারকরা জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
প্রথম প্লেনারি অধিবেশনে বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং আন্তঃদেশীয় অপরাধচক্রের বিস্তারের কারণে বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে উঠেছে। এ বাস্তবতায় প্রচলিত পুলিশিং ব্যবস্থায় আধুনিকায়ন জরুরি।
তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ তার ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। পাশাপাশি সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত, ফরেনসিক, ইমিগ্রেশন পুলিশ এবং ইন্টেলিজেন্স-নির্ভর পুলিশিং ব্যবস্থার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’-এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো নিজেদের সফল অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা একে অপরের সঙ্গে ভাগাভাগি করতে পারবে।
তিনি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতি বছর একটি পরিবেশ পুলিশিং সম্মেলন আয়োজনেরও প্রস্তাব দেন। পাশাপাশি শান্তি, মানবতা ও উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি আধুনিক জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে তার উত্থাপিত প্রস্তাব ও বিশ্বশান্তিতে বাংলাদেশের ভূমিকার প্রতি বিভিন্ন দেশের প্রতিনিধিদের ইতিবাচক সাড়া পাওয়া যায়। এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রম, অপারেশনাল সাপোর্ট এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।











