অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পরই তিনি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।
ট্রাম্পের নির্দেশের পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানো হয়েছে। হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, কিশ দ্বীপের আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি দেখা যায়। একই সময়ে বন্দর আব্বাস, কোনারাক ও চাবাহার এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর চাবাহারের কিছু অংশে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।
সর্বশেষ হামলার নির্দেশ দেওয়ার আগে ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে কার্যকর থাকা যুদ্ধবিরতি আর বহাল নেই। তার এ বক্তব্যের পর পাকিস্তান, কাতার এবং জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা কমানোর আহ্বান জানায়।
তবে এর আগে ট্রাম্প বলেছিলেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নেবে বলে তিনি মনে করেন না। একই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে ইঙ্গিত দেন।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের হুমকি মোকাবিলায় এ সামরিক অভিযান চালানো হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই গুরুত্বপূর্ণ প্রণালি দিয়েই পরিবহন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কেবল ইরানের নির্ধারিত ব্যবস্থাপনার আওতায় স্বাভাবিক থাকবে।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলেন, চাপ সৃষ্টি ও প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি রয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে তার জবাবও হামলার মাধ্যমেই দেওয়া হবে।