অনলাইন ডেস্ক : শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর বাজেট নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ছবিটির নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি রুপি। তবে এই তথ্যকে সরাসরি নাকচ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন শাহরুখ খান। এরই মধ্যে ‘কিং’-এর টিজার দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ছবিটি ঘিরে এখন চলছে নানা আলোচনা।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, ৪৫০ কোটি রুপি বাজেটের কারণে ‘কিং’ হতে যাচ্ছে শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এর আগে এই তালিকায় শীর্ষে ছিল ‘জওয়ান’, যার নির্মাণ খরচ প্রায় ৪০০ কোটি রুপি বলে জানা যায়।
তবে বাজেটের এই খবর সত্য নয় বলে ইঙ্গিত দিয়েছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি শুধু লিখেছেন, ‘ফলস’ (মিথ্যা)। যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে ধারণা করা হচ্ছে বাজেট সংক্রান্ত খবরের জবাবেই এই মন্তব্য করেছেন তিনি।
প্রথমে ‘কিং’ পরিচালনার দায়িত্বে ছিলেন চিত্রনাট্যকার সুজয় ঘোষ। পরে তিনি সরে গেলে পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখ খানকে নিয়ে সফল সিনেমা ‘পাঠান’ নির্মাণ করেছিলেন।
ছবিটিতে দেখা যাবে একাধিক তারকাকে। প্রথমবার বাবার সঙ্গে পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ-কন্যা সুহানা খান। এছাড়াও অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।
শোনা যাচ্ছে, ফরাসি অ্যাকশন-ড্রামা ‘লিও: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘কিং’।