৫০০ কোটি টাকা ক্ষতি, সাবেক এমপি আফজাল গ্রেপ্তার
আদালত প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিসংযোগে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
এদিন কড়া নিরাপত্তার মধ্যে আফজাল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২৪ সালের ২২ নভেম্বর ব্যবসায়ী কামাল হোসেন রিপন শাহবাগ থানায় মামলা করে অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছিল।
মামলায় অভিযোগ করা হয়, ঢাকা সিটি করপোরেশনের অনুমতি নিয়ে ২ হাজার ৩৭০ জন দোকান মালিক একত্রিত হয়ে ফুলবাড়িয়ায় বঙ্গবাজার কমপ্লেক্স নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আফজাল হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে বঙ্গবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে তা দুর্নীতির অভয়াররণ্যে পরিণত হয়। যার অনৈতিক সুবিধা সাবেক মেয়র থেকে শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা ভোগ করতেন।
আগুন লাগার কারণ হিসাবে উল্লেখ করা হয়, আফজাল হোসেন ও তার সহযোগীরা ২ হাজার ৩৭০ দোকান থেকে আরও ৫৯১টি বাড়িয়ে ২ হাজার ৯৬১টি করেন। অতিরিক্ত দোকান বরাদ্দ থেকে তারা ২০০ কোটি টাকা আত্মসাৎ করেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে মার্কেট ভেঙে ফেলে ওই স্থানে বহুতল ভবনে পরিণত করার জন্য চার হাজার ৪১২টি দোকানের ৮তলা বিল্ডিংয়ের নকশা অনুমোদন করে। ২০১৭ সালের ২৩ জুলাই সিটি করপোরেশন মার্কেট খালি করার জন্য মার্কেট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেয়। পরবর্তী সময়ে আরও দুই দফা মার্কেট খালি করে দিতে সমিতিতে চিঠি দেওয়া হয়। ২০১৯ সালের ১৫ জুলাই মার্কেট উচ্ছেদ কার্যক্রম চালানোর জন্য ৩০০ পুলিশ সদস্য নিয়োজিত করা হয়। এ পরিস্থিতিতে মার্কেট সমিতি উচ্চ আদালতে রিট করেন। ২২ জুলাই উচ্চ আদালত ৬ সপ্তাহ মার্কেটের স্থিতি অবস্থায় রাখতে নির্দেশ দেন। এ ছাড়া মার্কেট কর্তৃপক্ষ মার্কেট উচ্ছেদ না করতে রিট করেন। আদালত চার সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলেন। হাইকোর্টের স্থিতি অবস্থা বজায় থাকায় আসামিদের অসৎ উদ্দেশ্য বাধাগ্রস্ত হয়। এজন্য তারা ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে মার্কেটে আগুন লাগিয়ে দেয়। এতে মার্কেটের প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতি হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৪ মার্চ মেহেরপুর থেকে আফজাল হোসেনকে আটক করে পুলিশ। পরে কিশোরগঞ্জ ও ঢাকার একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।











