সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ৬, ২০২৬
অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া ক্রাউন প্রিন্সের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
চিঠিতে সৌদি ক্রাউন প্রিন্স জানান, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে ক্রাউন প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগিরই বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। এছাড়া বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসবে।
রাষ্ট্রদূত বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগে আগ্রহের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী তা স্বাগত জানান। তিনি বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতে সৌদি বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।